উদ্যোক্তা জীবনের একটি অভিজ্ঞতা বলি আপনাদের। মুয়ামালাত বা লেনদেনের লাইনে আমরা যারা দ্বীনের বুঝ রাখি, তাদের মধ্যেও অনেক সমস্যা দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে বরং সাধারণ মানুষের চেয়ে আমাদের মধ্যে এই সমস্যা বেশি পরিলক্ষিত হয়।
কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি। প্রায়ই দেখা যায়, একজন উদ্যোক্তা তার পাওনাদারকে সময়মতো পাওনা বুঝিয়ে দিচ্ছেন না। কারণ হিসেবে দেখা যায়, তিনিও অন্য কারো কাছে পাওনা পান। ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট না পাওয়ায় তিনি তার সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারছেন না। এটা এখন একটি অতি পরিচিত সমস্যা।
আবার অনেক সময় এমনও দেখা যায়, ক্লায়েন্ট পেমেন্ট করেননি এই যুক্তিতে উদ্যোক্তা তার এমপ্লয়িদের বেতন দিতে পারছেন না। আগে ভাবতাম এই সমস্যা শুধু গার্মেন্টস সেক্টরেই সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি ছোট-বড় অনেক ব্যবসাতেই এই সমস্যা বিদ্যমান।
তবে আমার সবচেয়ে খারাপ লাগে তখন, যখন দেখি একই ধরনের আচরণ দ্বীনি শিক্ষা ও মূল্যবোধ সম্পন্ন উদ্যোক্তারাও করছেন। একজন দ্বীনি ভাই যখন এমন করেন, তখন সত্যিই হতাশ লাগে। আমরা মুখে ইসলামের কথা বলি, অথচ লেনদেনে ইসলামি নীতিগুলো অনুসরণ করি না।
বিষয়টি খুবই দুঃখজনক। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন থাকা উচিত। আসুন, আমরা আমাদের লেনদেনকে স্বচ্ছ ও সময়নিষ্ঠ করি এবং বিশ্বস্ততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করি। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।
© ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম








